শ্রীনগরেও বিএনপির কমিটি নিয়ে বিরোধ
উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন নিয়ে বিরোধ এখন চরমে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন সম্মেলন ছাড়াই সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের কমিটির প্রস্তাব পাঠিয়েছেন। অন্যদিকে সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী এবং সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ বর্তমান কমিটি সভা করে ৬৪ জন স্বাক্ষরিত পত্রে তৃণমূলের ইচ্ছার প্রতিফলন হিসাবে সম্মেলনের দাবি জানিয়েছেন। এনিয়ে স্থানীয় বিএনপির রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।
শনিবার জেলা বিএনপির সভা আহ্বান করা হয়েছে শহরের বিএনপি অফিসে। সেখানে সংঘাতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শেষ পর্যন্ত এই সভাটি বাতিল হতে পারে বলে আভাস দিয়েছেন এক দায়িত্বশীল বিএনপি নেতা।
গত ১১ সেপ্টেম্বর নানা কারণে উপজেলা কমিটি গঠনে জেলা কমিটির সভায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, সহ-প্রকাশনা সম্পাদক শফি বিক্রমপুরী ও নির্বাহী কমিটির সদস্য মীর সরাফত আলী সপুকে দায়িত্ব দেয়া হয়। তাদের সময় দেয়া হয় ২৫ অক্টোবর পর্যন্ত। কিন্তু এই কমিটি নানা অজুহাতে পকেট কমিটি তৈরি করেছে বলে অভিযোগ করা হয়েছে।
তবে সম্মেলন না করে কমিটি গঠনের ব্যাপারে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, পুলিশী হয়রানির কথা বিবেচনা করে উপজেলা বিএনপির সম্মেলন করা সম্ভব না হলেও কমিটি গঠন করার সময় তৃণমূলের দাবিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।


