শ্রমিক অবরোধে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ
মুন্সিগঞ্জ, ১৬ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
শ্রমিক অবরোধে সকাল ৮টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে।
আজ বুধবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে কর্মরত শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে মহাসড়কে নেমে এলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দফায় দফায় শ্রমিকদের মহাসড়ক থেকে চলে যেতে পুলিশ অনুরোধ জানালেও দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক না ছাড়ার ঘোষণাতে অনড় আন্দোলনকারীরা।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, প্রাথমিক অবস্থায় সকল পার্মানেন্ট সিনিয়র শ্রমিকদেরকে বর্তমান বেতন থেকে ৪ হাজার টাকা বৃদ্ধি সহ ২১ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।
কয়েকজন নারী শ্রমিক বলেন, মানুষ অসুস্থ হতেই পারে। আমরা অসুস্থ হলে শতবার ছুটি চাইলেও কোম্পানি আমাদের ছুটি দিতে চায়না। পরিবারের অসুস্থতায় প্রয়োজনে ছুটি না পাওয়ায় পরিবার আত্নীয় স্বজনদের বিপদে আমরা পাশে দাড়াতে পারিনা।
শ্রমিক আরমান বলেন, আমি এ কারখানায় মর্নিং সেকশনে কাজ করি। দুদিন আগে আমাদের এক শ্রমিক ছুটি না পেয়ে এ কারখানায় চিকিৎসার অভাবে মারা গেছে। কারখানার মধ্যে ভালো কোন চিকিৎসার ব্যাবস্থা নেই। তাছাড়া আমাদের ৯ হাজার টাকা বেতন দেওয়া হয়। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য টাকা দিয়ে আমার সংসার চলেনা।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে সমাধানের চেষ্টা করছেন।


