শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক
টানা দুই দিন বৃষ্টির পর আবহাওয়া স্বাভাবিক হয়েছে। আবহাওয়ার উন্নতি হওয়ায় সারা দেশে নৌযান চলাচল শুরু হয়েছে।
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ জানিয়েছে, আবহাওয়া যান চলাচলের উপযোগী হওয়ায় আজ রবিবার সকাল ৬টা থেকে নৌযান চলাচল শুরু হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর তা স্থলভাগে উঠে এলে তার প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়।
বিরূপ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নৌ বন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়।
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। সকাল ৬টার দিকে ফেরি এবং সাড়ে ৭টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে।
গত শুক্রবার বেলা ১১টা থেকে লঞ্চ, স্পিডবোট এবং রাত ১০টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় এই রুটে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, গত বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে পদ্মা উত্তাল হতে থাকে। এ অবস্থায় এ নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ সকাল থেকে আবহাওয়া অনকূলে থাকায় নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে টানা ৪৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের লঞ্চ সার্ভিস চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার বেলা ১১টার পরে বৈরী আবহাওয়ার কারণে নদীপথ উত্তাল হলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাজিরহাট রুটে চলাচলকারী সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা নদীবন্দরের নৌ-ট্রাফিক অফিসার ফরিদ হোসেন জানান, সকাল ৭টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।


