শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও সিবোট চলাচল শুরু
মুন্সিগঞ্জ, ৩১ মে, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আজ রোববার (৩১ মে) সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও সিবোট চলাচল শুরু হয়েছে।
তবে এখনও শিমুলিয়া ঘাট হতে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়নি। আজ যাত্রীর তেমন কোনো চাপ নেই। ফেরিগুলোতে ছিল পন্যবাহী ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহন পারাপার।
জানা গেছে, দীর্ঘ ৬৬ দিন লকডাউনের পর আবারো যাত্রীর পদচারনায় প্রাণ ফিরে পেয়েছে লঞ্চ ও সিবোট ঘাট। পারাপার শুরু হয়েছে নৌযানে। তবে যাত্রীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। সামাজিক দূরত্ব বজায় রেখে লঞ্চগুলোতে তোলা হচ্ছে যাত্রী। তবে সিবোটে আগের মত যাত্রী তোলা হলে নৌপুলিশের বাধায় এখন সামাজিক দূরত্ব বজায় রেখেই যাত্রী তোলা হচ্ছে। স্বাভাবিক দিনগুলোর মতো ফেরি চলাচল করছে। লকডাউনের দিনগুলোর মত ফেরিতে গাদাগাদি করে যাত্রী পার হচ্ছেনা। এখন ফেরি ভর্তি যানবাহনই বেশী দেখা যাচ্ছে। যাত্রীর সংখ্যা খুবই কম। বাস স্ট্যান্ডগুলোতে বাস থাকলেও ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যাচ্ছেনা। যাত্রীরা আগের মত ছোট ছোট যানবাহনে করে ঢাকায় যাচ্ছে।
মাওয়া নৌ পুলিশের আইসি পরিদর্শক সিরাজুল কবির জানান, দীর্ঘদিন পর শিমুলিয়া লঞ্চ ও সিবোট ঘাটে যাত্রীর কোলাহল শুরু হয়েছে। প্রাণ ফিরে পেয়েছে এ’দুটি ঘাট। তবে উভয়মুখী যাত্রীর চলাচল কম। সামাজিক দূরত্ব বজায় রেখেই লঞ্চ সিবোট ছেড়ে যাচ্ছে।


