১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:১৭
লঞ্চ ডুবিতে ৩৪ জনের প্রাণহানি, ঘাতক জাহাজ আটক
খবরটি শেয়ার করুন:
157

মুন্সিগঞ্জ, ৮ এপ্রিল, ২০২১, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

গত রোববার (৪ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এম এল সাবিত আল হাসান নামের ডুবে যাওয়া লঞ্চটি সোমবার (৫ এপ্রিল) বেলা ১২ টা’র দিকে উদ্ধার করা হয়। লঞ্চের ভেতর থেকে রোববার রাতে ও পরদিন সোমবার ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এরপর মঙ্গলবার (৬ এপ্রিল) নদী থেকে নারী ও শিশু সহ আরও ৫ জনের মরদেহ পাওয়া যায়। এ নিয়ে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা ৩৪ জন।

এছাড়া লঞ্চে থাকা আনুমানিক কমপক্ষে ৩০ জন দূর্ঘটনার পরপর সাতরে পারে উঠতে সক্ষম হন।

গত রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে এসকে-৩ নামে বড় আকৃতির একটি কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী এই লঞ্চডুবির ঘটনা ঘটে। ঘটনার পর জাহাজটি দ্রুত এলাকা ত্যাগ করে। আজ দুপুর ১২ টা’র দিকে ঘাতক সেই জাহাজটিকে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে আটক করে গজারিয়া কোস্টগার্ড।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এসময় জাহাজের ১৪ জন স্টাফকেও আটক করা হয়েছে। তবে তাদের নাম-ঠিকানা ও পদবী তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, ঘটনার ৩ দিন পর গতকাল সকালে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবিতে হতাহত হওয়ার ঘটনায় কার্গোর চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মামলায় চালক ছাড়া অন্য কারও নাম ও আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে হত্যার উদ্দেশ্যে বেপরোয়া গতিতে পণ্যবাহী কার্গোটি চালিয়ে লঞ্চটি ডুবিয়ে ৩৪ জনের প্রাণহানি ঘটানো হয়েছে বলে অভিযোগে বলা হয়।