লঞ্চ উদ্ধার হয়নি, এখনো বুড়িগঙ্গায় চলছে লাশের সন্ধান
মুন্সিগঞ্জ, ৩০ জুন, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দ্বিতীয় দিন সকাল থেকে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চের আশেপাশে লাশের সন্ধানে কাজ করছেন ডুবুরিরা। তবে সকালে আর কোনও লাশ উদ্ধার হয়নি। এদিকে ডুবে যাওয়া লঞ্চটিকে বেঁধে রেখে টেনে তোলার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে ফায়ার সার্ভিসের পরিদর্শক রাসেল শিকদার এই তথ্য জানান।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস, নৌবাহিনীসসহ বিভিন্ন বাহিনীর ডুবুরিরা কাজ করছেন। তবে সকালে এখনও কোনও লাশ উদ্ধার হয়নি।’
প্রসঙ্গত, সোমবার সকালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা ছোট্ট দোতলা লঞ্চ মর্নিং বার্ডকে ধাক্কা দেয় ময়ূর-২ নামে আরেকটি লঞ্চ। এতে মর্নিং বার্ড ডুবে যায়। এখন পর্যন্ত নারী, শিশুসহ ওই লঞ্চের ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ৩১ জনই মুন্সিগঞ্জের। আর জীবিত উদ্ধার করা হয়েছে মুন্সিগঞ্জের একজনকে। তবে এখন পর্যন্ত ঠিক আরও কতজন নিখোজ রয়েছে লঞ্চ উদ্ধার না করা পর্যন্ত অনুমান করা যাচ্ছে না।


