মোল্লাকান্দিতে গভীর রাতে ড্রিল মেশিন দিয়ে ইমামের ঘর কেটে মসজিদের জমি দখলের চেষ্টা!
মুন্সিগঞ্জ, ১২ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর পূর্ব মহল্লা জামে মসজিদের জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় গভীর রাতে মসজিদের ইমামের কক্ষ ও দেয়াল ভাঙচুরের অভিযোগে ৪ জনের নামোল্লেখ ও আরও ৭-৮ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, ওই এলাকার সাঈদ দেওয়ান, রাশেদ দেওয়ান, নিরব ঢালী ও আরিফ দেওয়ান।
মহেশপুর পূর্ব মহল্লা জামে মসজিদের সভাপতি মো. সুক্কুর দেওয়ান মুন্সিগঞ্জ থানায় এই অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মসজিদের জায়গা দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে বিভিন্ন সময় মসজিদ কমিটির সদস্য ও ইমামকে হুমকিও দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, গতকাল সোমবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, দেয়াল কাটার ড্রিল মেশিন ও ভাঙচুরের সরঞ্জাম নিয়ে মসজিদ এলাকায় প্রবেশ করেন। এ সময় তারা মসজিদের ইমামকে ভয়ভীতি প্রদর্শন করে ইমামের কক্ষের উত্তর ও দক্ষিণ পাশের ওয়াল ড্রিল মেশিন দিয়ে ভাঙচুর শুরু করেন।
ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, গতকাল গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ড্রিল মেশিনটি উদ্ধার করা হয়েছে। পরে এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা অভিযোগটি মামলা হিসেবে নিচ্ছি। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।









