মেহেরপুরের ডিসি হিসেবে যোগ দিলেন মুন্সিগঞ্জ শহরের মেয়ে শিল্পী রানী রায়
মুন্সিগঞ্জ, ৩ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মেহেরপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা, মুন্সিগঞ্জ শহরের কৃতি সন্তান শিল্পী রানী রায়। তিনি মুন্সিগঞ্জ শহরের বাগমামুদালিপাড়া এলাকার নিখিল চন্দ্র কবিরাজের মেয়ে এবং পরবর্তীতে শহরের মানিকপুর এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্পী রানী রায় মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন।
শিল্পী রানী রায় ছোট বেলা থেকেই মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার এই অবস্থান অর্জনে মুন্সিগঞ্জ জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
তাদের আশা, শিল্পী রানী রায়ের দক্ষ নেতৃত্বে মেহেরপুর জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।





