মুন্সিগঞ্জ শহরে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীর মাথা-পেটে জখম, গুরুতর অবস্থায় ঢামেকে প্রেরণ
মুন্সিগঞ্জ, ১২ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরে প্রতিপক্ষের হামলায় সিয়াম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। হামলাকারীদের ছুরিকাঘাতে তাঁর পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পাঠানো হয়েছে।
আজ রোববার বিকেলে শহরের ডিসি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সিয়াম সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার আসাদ বেপারির ছেলে এবং সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডিসি পার্ক এলাকায় শহরের উত্তর ইসলামপুর ও দক্ষিণ ইসলামপুর এলাকার প্রতিপক্ষের কয়েকজন যুবক সিয়ামের ওপর সুইচগিয়ার নিয়ে হামলা চালায়। হামলাকারীদের সাথে সিয়াম ও তার বড় ভাইয়ের বিরোধ চলছিলো।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে সিয়ামকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়।
হামলায় তাঁর মাথায় গুরুতর জখম হয় এবং পেটে আঘাত লেগে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা ও পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে আহত সিয়ামের সঙ্গে কথা বলতে পারলে ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে। তিনি বর্তমানে গুরুতর আহত থাকায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।









