মুন্সিগঞ্জ: টেডি বিয়ারের ভেতরে রেখে ইয়াবা বেচতেন তিনি, ১ হাজার পিসসহ গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
এসময় ইয়াবাগুলোর একটি বড় অংশ একটি টেডি বিয়ারের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন এসআই সৈয়দ হাসিব আহম্মেদ ও তার সঙ্গীয় ফোর্স।
জেলা পুলিশ সুপার মোঃ মিনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটে মুন্সিগঞ্জ থানাধীন উত্তর ইসলামপুর এলাকায় কৃষি ব্যাংকের পূর্ব পাশে আল্লার দান সেনেটারি দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে আসামি মাহিন শেখ ওরফে সামির (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তার দখল থেকে একটি নীল জিপারে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার হয়।
পরবর্তীতে নিবিড় জিজ্ঞাসাবাদে আসামি স্বীকারোক্তি দিয়ে তার ভাড়া বাসায় লুকানো ইয়াবার স্থান দেখায়। রাত ১টা ৩০ মিনিটে হাটলক্ষীগঞ্জ এলাকায় জনৈক হিরন মোল্লার মালিকানাধীন তিনতলা বিল্ডিংয়ের নিচতলায় আসামির ভাড়া রুমে তল্লাশি চালিয়ে একটি হলুদ রঙের টেডি বিয়ারের ভেতর থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এভাবে মোট ১০০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাহিন শেখ ওরফে সামিরের পিতার নাম বাবুল শেখ, মাতা মমতাজ বেগম। তার স্থায়ী ঠিকানা নতুনগাঁও, বর্তমানে হাটলক্ষীগঞ্জ, থানা ও জেলা মুন্সিগঞ্জ।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


