১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ২:৪০
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পরিত্যক্ত ভবন এখন মাদকের আখড়া
খবরটি শেয়ার করুন:
95

মুন্সিগঞ্জ, ২২ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পরিত্যক্ত আবাসিক ভবন এখন মাদক বিক্রি ও সেবনের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে।

পরিত্যক্ত তিনটি ভবনের মধ্যে দুইটি ভবনেই প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবন ও বিক্রির কার্যকম। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই পরিত্যক্ত ভবনের ভেতরে মাদক সেবন ও বিক্রয়কারীর নিরাপদ স্থান। শুধু তাই নয়, পরিত্যক্ত ভবনের মধ্যে একটি ভবনের মুল ফটকের কলাপসিবল গেটসহ উধাও হয়ে গেছে লোহার তৈরি কয়েকটি জানালা।

সরেজমিন দেখা যায়, ভেতরে অসংখ্য খালি ফেনসিডিলের বোতলের ছড়াছড়ি। কক্ষের ভেতরে পরে আছে  ইয়াবা সেবনের সরঞ্জাম ও সিগারেটের অসংখ্য খালি প্যাকেট। ফ্লোরে বিছানো রয়েছে হোগলা। পাশেই পড়ে আছে মদের খালি বোতল।

মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনকারীরা আরামদায়ক পরিবেশে মাদক সেবন করতে আসে এ পরিত্যক্ত ভবন দুটিতে। সন্ধ্যা নামলেই বেড়ে যায় তাদের আনাগোনা। আরেকটি ভবন তালাবদ্ধ থাকায় সেখানে প্রবেশ করতে পারেনি সেবনকারীরা।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা: মন্জুরুল আলম বলেন, বসবাসের অযোগ্য হওয়ার কারণে ভবন ৩টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে এই ভবনের ভেতর বা উপরে মাদক সেবনের বিষয়টি আমার জানা নেই। সেখানে যেন আর কেউ না ঢুকতে পারে আমি সেই ব্যবস্থা নিচ্ছি।