মুন্সিগঞ্জ কালেক্টরেট জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনসহ ৩ পদে দেয়া হবে নিয়োগ
মুন্সিগঞ্জ, ৪ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ কালেক্টরেট জামে মসজিদে পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। তিনটি পদে একজন করে মোট তিনজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। পদ অনুযায়ী মাসিক সম্মানী নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত।
গত রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও কালেক্টরেট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পেশ ইমাম পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ পদে মাসিক সম্মানী ৩০ হাজার টাকা। আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির কামিল বা দাওরায়ে হাদিস পাস হতে হবে। পাশাপাশি পেশ ইমাম হিসেবে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানের মুফতি বা মুহাদ্দিস এবং ইলমে ফিরাত ও ফতোয়া বিষয়ে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বিশুদ্ধ তিলাওয়াতে পারদর্শী হাফেজে কুরআন, খুতবা প্রদানে দক্ষ ও সুমিষ্ট কণ্ঠের অধিকারীদের আবেদন করতে বলা হয়েছে।
মুয়াজ্জিন পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ পদে মাসিক সম্মানী ২০ হাজার টাকা। আবেদনকারীকে স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণির আলিম অথবা কওমি মাদ্রাসার শরহে বেকায়া শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। মুয়াজ্জিন হিসেবে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিশুদ্ধ তিলাওয়াতে পারদর্শী হাফেজে কুরআন, ইলমে ফিরাতের ওপর স্বীকৃত প্রতিষ্ঠানের সনদধারী এবং সুমধুর কণ্ঠে আজান দিতে সক্ষম প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
অন্যদিকে, খাদেম পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ পদে মাসিক সম্মানী ১৫ হাজার টাকা। আবেদনকারীকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির দাখিল বা সমমানের মাদ্রাসা শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। সৎ, আমানতদার ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মসজিদে খাদেম হিসেবে অন্তত দুই বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব পদের প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখে পেশ ইমাম পদের প্রার্থীর বয়স ২৫ থেকে ৪০ বছর এবং মুয়াজ্জিন ও খাদেম পদের প্রার্থীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসক ও সভাপতি, কালেক্টরেট জামে মসজিদ পরিচালনা কমিটি, মুন্সিগঞ্জ বরাবর নির্ধারিত ফরমে স্বহস্তে আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
আবেদনের সঙ্গে পেশ ইমাম পদের জন্য ২০০ টাকা এবং মুয়াজ্জিন ও খাদেম পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জেলা প্রশাসক, মুন্সীগঞ্জের অনুকূলে জমা দিতে হবে। আবেদন ফরম জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে অথবা www.munshiganj.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক দেওয়া নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবির সত্যায়িত কপি জমা দিতে হবে। এ ছাড়া প্রার্থীর নাম-ঠিকানা সংবলিত ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিট লাগানো ১০ দশমিক ৫ ইঞ্চি × ৪ ইঞ্চি মাপের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর পদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক।
আবেদন আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসকের কার্যালয়ের ফ্রন্ট ডেস্ক শাখায় সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও নির্ধারিত সময়ের পর পাওয়া আবেদন বাতিল বলে গণ্য হবে।
বাছাই করা প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী। কোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে সিভিল সার্জন বা তাঁর প্রতিনিধির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে শারীরিক সুস্থতার প্রমাণপত্র জমা দিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পরিবর্তন, সংশোধন বা বাতিল এবং প্রার্থীর আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।








