মুন্সিগঞ্জে ৯ মামলার আসামি ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মো. হাসান মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে আগে থেকেই ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও এলাকায় ইয়াছিন ট্রেডার্স নামের একটি দোকানের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) টিটুল হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাসান মিয়াকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার হাসান মিয়া মুন্সিগঞ্জ সদর উপজেলার মানিকপুর (নতুনগাঁও) এলাকার আলাউদ্দিন ওরফে খোকা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, হাসান মিয়ার বিরুদ্ধে মাদক মামলাসহ আগে থেকে মোট ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








