মুন্সিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে ধরলো ডিবি
মুন্সিগঞ্জ, ৭ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে লৌহজং উপজেলার মালির অংক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আসাদুজ্জামান (৪২), পিতা মৃত রফিক এবং ইশরাত জাহান (২৫), স্বামী মোঃ পারভেজ মাল। তাদের বাড়ি পদ্মাসেতু উত্তর থানার খড়িয়া এলাকায়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে লৌহজং থানাধীন মালির অংক বাজার এলাকায় অভিযান চালান। এসময় জেলা পরিষদের দক্ষিণ-পশ্চিম পাশে লৌহজং লাইব্রেরির সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





