মুন্সিগঞ্জে স্বামীকে মেরে রান্না ঘরের মেঝেতে পুতে রাখলো স্ত্রী
মুন্সিগঞ্জ, ১৬ জুলাই, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার পূর্ব শীলমন্দি এলাকায় স্ত্রী’র হাতে নৃশংসভাবে খুন হয়েছেন স্বামী আরাফাত মোল্লা (৫০)। রমজান মাসে সেহরীর সাথে ঔষুধ খাইয়ে অচেতন করে ধারালো ছুড়ি দিয়ে স্বামীকে হত্যা করার পর নিজ ঘরের রান্নাঘরে পুতে রেখেছিলেন স্ত্রী ও তার অপর সহযোগী।
এ ঘটনায় আজ শুক্রবার (১৬ জুলাই) রাত ৮টা’র দিকে পুলিশ রান্নাঘরের মেঝে থেকে লাশের অংশবিশেষ উদ্ধার করেছে। এছাড়া স্ত্রী আকলিমা বেগম (৩৫) সহ রিয়াজ (২৪) নামের এক সহযোগীকে আটক করেছে।
স্ত্রী’র হাতে হত্যাকান্ডের স্বীকার আরাফাত মোল্লা (৫০) পূর্ব শিলমন্দি এলাকার মৃত দুখাই মোল্লার ছেলে। তার পরিবারে দু্ই ছেলে ও দু্ই মেয়ে রয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক এ ঘটনায় মূল অভিযুক্ত আকলিমা বেগমের পুলিশকে দেয়া প্রাথমিক স্বীকারোক্তির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন।
ওসি জানান, চলতি বছরের ৩০ মে থেকে আরাফাত মোল্লা নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা বেগম বাদি হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় রুহুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দিয়েছিলেন। ঘটনাক্রমে আকলিমা নিজেই তার স্বামীকে মেরে রান্নাঘরের মেঝেতে পুতে রাখার কথা পুলিশের কাছে স্বীকার করেন। এরপর পুলিশ লাশ উদ্ধারে নামে। এ ঘটনায় দু্ইজনকে আটক করা হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।


