নূর জামানদের চোখের আলো ফেরাতে ১৫ বছরের মানবিক আয়োজন
মুন্সিগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পুরা ডিসি উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের আয়োজনে এবং বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটির (বিপিএস) সহযোগিতায় শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ শিবিরে চোখ পরীক্ষা, ওষুধ ও অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হয়।
গত ১৫ বছর ধরে নিয়মিত এ উদ্যোগের মাধ্যমে প্রতিবছর প্রায় ৯০ জনকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এবারের শিবিরে ৮৫ বছর বয়সী নূর মোহাম্মদ ভূঞাসহ বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসা নিতে আসেন। চর কেওয়ার গুহেরকান্দি থেকে আসা নূর মোহাম্মদের চোখে ছানি ও পানি পড়ার সমস্যা রয়েছে। গত বছর তাঁর এক স্বজন এখান থেকে বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পেয়েছিলেন।
চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি আব্দুল আজিজ মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাইরুল কবির (কাজল মোল্লা)। সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য দেন সংসদের সদস্য আবুল কালাম সোহেলসহ অন্যরা।
বক্তারা জানান, বিদ্যালয় ও এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি নিজেদের অর্থায়নে বিদ্যালয়ের খেলার মাঠ ভরাটের প্রকল্পও হাতে নিয়েছে প্রাক্তন ছাত্র সংসদ।









