মুন্সিগঞ্জে নিজ প্রতিষ্ঠানের শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার
১৩৮

মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদীখানে ১৫ বছর বয়সী নিজ প্রতিষ্ঠানের এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক গার্মেন্টস মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইসলামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন রাজু (৬০) উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী খারাকান্দি গ্রামের মৃত শেখ সমন আলীর ছেলে। তিনি কাঠালতলী গ্রামে অবস্থিত ইন্ডিয়ান টেক্সটাইল নামের একটি গার্মেন্টস কারখানার মালিক।

পুলিশ জানায়, ভুক্তভোগীর মা আগে থেকেই প্রতিষ্ঠানটিতে কাজ করতেন। সম্প্রতি তার মেয়েও সেখানে কাজে যোগ দেয়। যোগদানের ৩ দিনের মাথায় গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে কারখানার নিজ অফিসকক্ষে দরজা বন্ধ করে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

পরে কিশোরীকে কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে তাঁর মা ও পরিবারের সদস্যরা কারখানায় গিয়ে কক্ষের তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন।

এ ঘটনায় গত ১৩ নভেম্বর রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সিরাজদীখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ