মুন্সিগঞ্জে শীতের জ্যাকেটের ভেতর গাঁজা পাচারের সময় ডিবির হাতে ধরা ১ জন
মুন্সিগঞ্জ, ১৭ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
শীতের জ্যাকেটের ভেতরে বিশেষ কৌশলে মাদক পাচারের সময় এক কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মুন্সিগঞ্জ সদর থানাধীন রামেরগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার রামেরগাঁও গ্রামের মৃত আলী মোল্লার ছেলে মো. সবুজ মোল্লা (৫০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।
ডিবির এসআই রিজাউল কাজী ও তার সঙ্গীয় ফোর্স রামেরগাঁও সাকিনস্থ সবুজ মোল্লার বাড়ির পূর্ব পাশের রাস্তায় অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন সবুজ মোল্লাকে তল্লাশি করলে তার পরিহিত জ্যাকেটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত জেলা গড়তে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


