মুন্সিগঞ্জে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রয় শুরু
মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে নিম্ন আয়ের মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মুন্সিগঞ্জে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
এই কর্মসূচির আওতায় সাধারণ ক্রেতারা বাজারমূল্যের চেয়ে অনেক সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন। এর মধ্যে প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতি ডজন ডিম ১০০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। এছাড়াও নির্ধারিত স্থানে সুলভ মূল্যে বয়লার মুরগি, লেয়ার মুরগি ও সোনালী মুরগি বিক্রয় করা হচ্ছে।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণ এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে যাতে নিম্ন আয়ের মানুষ স্বস্তিতে তাদের প্রাত্যহিক পুষ্টি চাহিদা মেটাতে পারেন।


