২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৩৮
মুন্সিগঞ্জে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন: কোটি টাকার অবৈধ জাল জব্দ
খবরটি শেয়ার করুন:
189

মুন্সিগঞ্জ, ৪ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ বাহিনীর বিশেষ কম্বিং অভিযানে প্রায় ১ কোটি ৪৬ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গজারিয়া লঞ্চঘাট, রসূলপুর, চরকিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা, ষাটনল ও তৎসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকাগুলো থেকে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ ৪৬ হাজার টাকা মূল্যের ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল, ৯৪ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল এবং ৫ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।