১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৩৫
মুন্সিগঞ্জে মামাতো বোনের পরীক্ষা দিতে গিয়েছিলো ফুফাতো বোন, অত:পর ধরা
খবরটি শেয়ার করুন:
60

মুন্সিগঞ্জ, ২২ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরে মঙ্গলবার এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে এসে ধরা পড়েছে ফুফাতো বোন। বহিস্কার করা হয়েছে মূল পরীক্ষার্থীকে।

বেলা ১১ টার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে প্রক্সি দিতে এসে ফুপাতো বোন সাদিয়া আক্তারকে (২২) হাতেনাতে আটক করেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ড. মো. নুরুল ইসলাম। এ ঘটনায় তিনি মূল পরীক্ষার্থী জেসিয়া আক্তারকে (২০) বহিস্কার করেছেন।

জেসিকা মুন্সিগঞ্জ পৌরসভার রন্ছ হাওলাদার পাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে ও আটক সাদিয়া একই এলাকার আওলাদ হোসেনের মেয়ে।

পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ড. মো. নুরুল ইসলাম জানান, শহরের সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেসিয়া আক্তার হচ্ছেন মূল পরীক্ষার্থী। সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে তাদের পরীক্ষা হচ্ছিলো। ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে বোরকা পরিহিত এক পরীক্ষার্থীকে সন্দেহ হয়। পরে তার বোরকা খুলে দেখলে প্রবেশ পত্রের ছবির সঙ্গে অমিল পাওয়া যায়। এতে তাকে আটক করা হয়। তার নাম সাদিয়া আক্তার। সে একজন ভুয়া পরীক্ষার্থী। আটক সাদিয়া আক্তারকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।

আটক সাদিয়া আক্তার জানান, মূল পরীক্ষার্থী জেসিয়া আক্তার ও সে সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান জানান, পরীক্ষা কেন্দ্র থেকে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে তার অভিভাবকদের ডাকা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।