মুন্সিগঞ্জে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের সময় যুবক আটক, মামলা
মুন্সিগঞ্জ, ৪ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁওয়ের দাসপাড়া মন্দিরের লক্ষ্মী প্রতিমাসহ তিনটি প্রতিমা ভাঙচুরের সময় হাতেনাতে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিকাল সাড়ে ৩টার দিকে দাসপাড়া মন্দির কমিটির সভাপতি গোপাল দাস বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ভাঙচুরের অভিযোগ এনে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযুক্ত মো. আজিজুল (৩১) স্থানীয় পরিচ্ছন্নতা কর্মী (সুইপার) কালামের ছেলে। ওই যুবক নিজেও একই পেশায় জড়িত। তার স্থায়ী নিবাস জামালপুর জেলায় হলেও মুন্সিগঞ্জের বালিগাঁও এলাকায় ভাড়ায় থাকেন তিনি।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ছেলেটিকে আমরা গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে। কাল তাকে আদালতে প্রেরণ করা হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


