মুন্সিগঞ্জে ভেতর থেকে দরজা বন্ধ করে বান্ধবীর বাসায় মেয়ে, ‘বিপদ’ ভেবে ফায়ার সার্ভিসে খবর দেন মা
৮৩৫

মুন্সিগঞ্জ, ১০ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার খালইষ্ট এলাকায় একটি ফ্ল্যাটে মেয়ে আটকে পড়েছেন—এমন আশঙ্কায় ফায়ার সার্ভিসে খবর দেন মা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন উদ্ধারকর্মীরা। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

পরে জানা যায়, ফ্ল্যাটের দরজা বন্ধ করে মেয়েটি তাঁর এক বান্ধবীর বাসায় অবস্থান করছিলেন।

আজ শনিবার দুপুর ১১টা ৫০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে ফোন করে বিউটি বেগম জানান, তাঁর মেয়ে সারিফা ইসলাম কাকলি (২১) একটি ফ্ল্যাটে আটকা পড়েছেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ম জানান, মুন্সিগঞ্জ পৌরসভার খালইষ্ট এলাকায় নতুন পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে মেয়েটি আটকা পড়েছেন বলে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে মেয়েটির মা জানান, সারিফা ইসলাম কাকলি ফ্ল্যাটের দরজা বন্ধ করে তাঁর এক বান্ধবীর বাসায় গিয়েছিলেন।

সফিকুল ইসলাম বলেন, কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে এ ধরনের সংবাদ দেওয়া উচিত নয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট অপ্রয়োজনীয়ভাবে ব্যস্ত থাকলে অন্য কোথাও অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পৌঁছানো ব্যাহত হতে পারে। এতে সরকারি সম্পদেরও অপচয় হয়।

তিনি যেকোনো জরুরি সংবাদ দেওয়ার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করতে এবং ফায়ার সার্ভিসকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ