মুন্সিগঞ্জে ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ৬ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ঘাস তোলার কথা বলে ভুট্টাক্ষেতে ডেকে নিয়ে এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রকে (১৫) বলাৎকারের অভিযোগে মো. নিরব শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে নিজ বাড়িতে অভিযোন চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে শ্রীনগর উপজেলায় এ ঘটনা ঘটে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক ঘটনার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ধর্ষণ আইনে মামলা দায়ের করেছেন। আসামিকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত নিরব শেখ উপজেলার বীরতারা এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, একই এলাকার তিন কিশোরকে ভুট্টক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নেন নিরব। পরে কৌশলে তাদের মধ্যে দুজনকে সেখান থেকে সরিয়ে দিয়ে এক কিশোরকে বলাৎকার করেন। ঘটনার পর ভুক্তভোগী কিশোর বিষয়টি তার পরিবারকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে থানায় অভিযোগ করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।





