১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৬:২৪
মুন্সিগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে নামমাত্র জরিমানা, জনমনে অসন্তোষ
খবরটি শেয়ার করুন:
323

মুন্সিগঞ্জ, ৪ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের লিচুতলা ও খালইস্ট এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তবে গত কয়েকদিন ধরে গ্যাসের বাজারে অস্থিরতা চললেও প্রশাসনের দীর্ঘ নীরবতা এবং অভিযানের পর ‘নামমাত্র’ জরিমানা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ নাগরিকরা।

আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, লিচুতলা এলাকার ‘মা স্যানিটারি’, খালইস্ট এলাকার ‘মেসার্স হাজী আলী ট্রেডার্স’ এবং ‘আই আর স্যানিটারি’কে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে গ্যাস ক্রয়ের রশিদ না থাকা, বেশি দামে সিলিন্ডার বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন, অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।

এদিকে, নামমাত্র এই জরিমানা নিয়ে স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সা

ধারণ ক্রেতাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে মুন্সিগঞ্জের বাজারে এলপি গ্যাসের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি রাখা হচ্ছে। দীর্ঘ সময় এই অনিয়ম চললেও ভোক্তা অধিকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

নাগরিকরা মনে করছেন, যেখানে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, সেখানে মাত্র ৫ হাজার টাকা করে জরিমানা কোনোভাবেই ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ নয়।

খুচরা বিক্রেতাদের পাশাপাশি যারা এলপিজি গ্যাস অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে, সেই বড় বড় প্রতিষ্ঠান ও আড়তদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।