২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:৪৬
মুন্সিগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
খবরটি শেয়ার করুন:
134

মুন্সিগঞ্জ, ১১ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বছরের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ছিল “মানবাধিকার, আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়”।

অনুষ্ঠানে বক্তারা মানবাধিকারকে কেবল আইনি বিষয় নয়, বরং প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরেন এবং সমাজের সব স্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মুন্সিগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মো. কাইয়ুম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী।

তিনি বলেন, “মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। সমাজে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের সবচেয়ে বড় দাবি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সভাপতি শফিকুল হাসান তুষার। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আসাদউজ্জামান, আন্তর্জাতিক নারী বিষয়ক সম্পাদক পিংকি রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রানী আখতারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা একবাক্যে স্বীকার করেন, মানবাধিকার সুরক্ষা শুধু সরকার বা কোনো সংগঠনের একার দায়িত্ব নয়; পরিবার, সমাজ ও প্রতিটি ব্যক্তির সচেতনতা থেকেই এর সূচনা হয়। মানবাধিকার সুরক্ষাই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলার মূল চাবিকাঠি।

অনুষ্ঠান শেষে মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের জন্য সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।