মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাস চাপায় প্রাণ গেছে মোটরসাইকেল চালকের
মুন্সিগঞ্জ, ২৩ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইলিশ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার রাত ১০টা ১০ মিনিটের দিকে মাওয়ামুখী ধলেশ্বরী টোল প্লাজার টোল দেওয়ার আগে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
তিনি জানান, ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে টোল দেওয়ার আগে যাত্রীবাহী ইলিশ পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে বাসটি টোল প্লাজার মোটরসাইকেল লেনে ঢুকে একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়।
এতে মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের যাত্রী অমিত হাসান।
ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নিহত সফিকুল ইসলামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও এলাকায়। তিনি আর্টিসান প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে তিনি একাই ছিলেন।









