১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৬:২১
মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক
খবরটি শেয়ার করুন:
105

মুন্সিগঞ্জ, ১ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী থেকে ৫ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। সোমবার মামলা শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।

র‌্যাব জানায়, রোববার (৩০ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে টংগিবাড়ীতে অভিযান চালিয়ে ১৭ লক্ষাধিক টাকা মূল্যমানের ৫ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং থানার কালিকৃষ্ণ এলাকার রহমত আলীর কন্যা মনি আক্তার (২১) ও পটুয়াখালী সদর উপজেলার দেলোয়ার হোসেনের কন্যা নাসিমা আক্তার (২৬)।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‌্যাবকে জানান, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল তারা।’

আটককৃতদের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।