মুন্সিগঞ্জে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে পিটুনিতে চাঁদাবাজ নিহত
মুন্সিগঞ্জ, ৪ জুলাই, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে শ্রমিকদের মারধরে মামুন বেপারী(৩২) নামের এক চাঁদাবাজ নিহত হয়েছে।
গতকাল শনিবার (৩ জুলাই) দুপুরে মেঘনা নদীর চাদপুরের উত্তর মতলব সিধারচর এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত মামুন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া জামালপুরের মোহাম্মদ আলীর ছেলে। সে একজন নদীতে চিহ্নিত চাঁদাবাজ বলে জানিয়েছে নৌ পুলিশ।
চাঁদপুরের বেলতলী নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, দুপুরের মেঘনা নদীতে ট্রলার যোগে মামুন সহ চাঁদাবাজরা বাল্কহেডে চাঁদা তুলতে যায়। এসময় একটি বাল্কহেড শ্রমিকদের সাথে তাদের মারামারি হলে মামুন মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে তার সাথের লোকজন তাকে গুরত্বর আহত অবস্থায় চিকিৎসার জন্য গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর মধ্যে বাল্কহেডটি অন্যত্র চলে যায়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহিছ উদ্দিন জানান, নিহতের লাশ তার স্বজনরা গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে ঘটনাটি নদীর যে অংশে ঘটেছে সেটি মেঘনা নদীর চাঁদপুরের উত্তর মতলব এলাকায় পরেছে। তাই এখন গজারিয়া থানা থেকে শুধুমাত্র নিহত মরদেহের সুরতহাল করা হবে। মামলা মতলব উত্তর থানায় করা হবে।


