১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:২৬
মুন্সিগঞ্জে বন্ধ হয়ে যাওয়া বিঅারটিসি বাস সার্ভিস পুনরায় চালু
খবরটি শেয়ার করুন:
139

জেলায় তৃতীয় দফায় চালু হলো বিআরটিসি এসি বাস সার্ভিস।

এর অাগে নানা জটিলতায় বন্ধ হয়ে যায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটে বিআরটিসির শীততাপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস।

রোববার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদ এড. মৃণাল কান্তি দাস এই বাস সার্ভিসের উদ্ধোধন করেন।

জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিআরটিসি এই বাস সার্ভিস চালু করা হয়।

৫টি এসি এবং ৩টি নন এসি বাস শহরের লঞ্চ ঘাট এলাকা থেকে যাত্রা শুরু করবে এবং ঢাকার গুলিস্তানের আহাদ পুলিশ বক্স থেকে সকাল থেকেই চলবে বাসগুলো।

বিআরটিসি বাস সার্ভিসের ম্যানেজার (অপারেশন) আশরাফুল ইসলাম জানান, যাত্রীদের চাহিদা বুঝে যাত্রী নিয়ে বাসগুলো যাত্রা শুরু করবে। ৩০ মিনিট পর পর বাস ছেড়ে যাবে। বর্তমানে ৫টি এসি এবং ৩টি নন এসি চালু বাস চলাচল করবে। যাত্রীদের চাহিদা দেখে বাসের সংখ্যা ও সময় বৃদ্ধি করব।

এই পথে এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৭৫ টাকা। নারায়ণগঞ্জের চাষাড়া অথবা পাগলা হয়ে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে চলাচল করবে। এই রুটের যাত্রীদের চাহিদা বুঝে আমরা যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবো বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) আবু সালেহ মো. মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. হারুন-অর-রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ মার্চ প্রথম যাত্রা শুরু করে বিআরটিসি বাস সার্ভিস। কিন্তু চালু হবার এক মাসের মধ্যে গুলিস্তানে কাউন্টারের কারণে বন্ধ হয়ে যায় সার্ভিসটি। এরপর ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি চালু হলেও নানা জটিলতায় আবারো বন্ধ হয়ে যায়। এদিকে এই বাস সার্ভিস পুনরায় চালু হওয়াতে মুন্সিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো।