১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | ভোর ৫:৫৭
মুন্সিগঞ্জে বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
খবরটি শেয়ার করুন:
36

মুন্সিগঞ্জ, ১ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে এক কিশোর শ্রমিকের নিখোঁজ হওয়ার ঘটনায় ১৯ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ বুধবার সকাল ৯টার দিকে ডুবে যাওয়াস্থলের পাশে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা এসে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও একজন নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজের সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আজ সকালে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম মো. রাকিব (১৫)। সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামের বাসিন্দা। মুন্সিগঞ্জের বিনোদপুর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো সে। এছাড়া স্থানীয় একটি সূতার ফ্যাক্টরিতে কাজ করতো। তার পিতা মো. শাহাদত মাতব্বর সৌদি প্রবাসী।