মুন্সিগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
মুন্সিগঞ্জ, ১৬ আগষ্ট, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়মিত বেতন-বোনাস ও বকেয়া ওভারটাইমের মজুরির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকরা।
শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দুপুর দুইটা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে পরে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিলে তারা মিলের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
আন্দোলনরত শ্রমিকদের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকরা নিয়মিত বেতন পাচ্ছেন না। অনেক সময় ২/৩ মাস পর পর তারা এক মাসের বেতন পান এছাড়াও গত প্রায় ১৫মাস ধরে ওভারটাইমের মজুরি দেওয়া হচ্ছে না তাদের। এমতাবস্থায় নির্ধারিত সময়ে বেতন-বোনাস এবং ওভারটাইমের মজুরির দাবিতে পথে নেমেছেন তারা।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, মহাসড়কে শ্রমিকদের অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে দুপুর তিনটায় মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে শ্রমিকদের সাথে কথা বলতে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান।
এ সময় তিনি শ্রমিকদের দাবিদাওয়াগুলো লিখিত আকারে মালিকপক্ষের কাছে পেশ করতে বলেন। আন্দোলন সাময়িক বন্ধ রেখে মালিকপক্ষের সিদ্ধান্তের উপর আস্থা রাখতে বলেন তিনি তবে তার এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছে।





