মুন্সিগঞ্জে প্রেমিককে হত্যার মামলায় প্রেমিকা ও তার মা গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে শরবত ও মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে এক তরুণকে হত্যার অভিযোগে ওই তরুণের প্রেমিকা ও প্রেমিকার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাত ৩টার দিকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিহত ওই তরুণের নাম ইব্রাহিম ওরফে রাফি (২০)। তিনি শ্রীনগরের সেলমিতি বানিয়াবাড়ী এলাকার শাজাহান মোড়লের ছেলে। ইব্রাহীম শ্রীনগর বাজারের একটি কাপড়ের দোকানে বিক্রয় কর্মীর কাজ করতেন। গত মঙ্গলবার ইব্রাহীমকে বিষ খাওয়ানো হয়। শুক্রবার দুপুরে ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইব্রাহীম।
এ ঘটনায় শনিবার রাতে শ্রীনগর থানায় নিহতের বাবা শাজাহান মোড়ল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই রাতেই অভিযুক্ত ময়না বেগম (৪৫) ও তার মেয়েকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়- শ্রীনগরের পশ্চিম দেউলভোগ এলাকার ময়না বেগমের মেয়ের সঙ্গে দুবছর ধরে ইব্রাহীমের প্রেমের সম্পর্ক চলছিল। বিভিন্ন সময়ে ইব্রাহীমের কাছ থেকে কৌশলে টাকা পয়সা নিত মেয়ে।
৩-৪ মাস আগে ময়না বেগমের মেয়ে ইব্রাহীমের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা এবং ইব্রাহীমকে দিয়ে ব্র্যাক এনজিও থেকে আরো ৪০ হাজার টাকা ঋন উঠান। সে ঋনের টাকা ময়না বেগমরা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু টাকা পরিশোধের কিস্তির সময় হলে তারা টাকা পরিশোধ করছিলেন না। এ নিয়ে ময়না বেগমের মেয়ের সঙ্গে ইব্রাহীমের মুঠোফোনে ঝগড়া হয়। গত মঙ্গলবার বিকেলে ময়না বেগম ইব্রাহীমের মুঠোফোনে ফোন করে টাকা পরিশোধ ও তাঁর মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করে দেওয়ার আশ্বাস দেন। সেদিন ঋনের কিস্তির টাকা দেয়ার কথা বলে ময়না বেগম ইব্রাহীমকে তাঁর পশ্চিম দেউলভোগের বাড়িতে ডেকে নেন। সেখানেই তাকে বিষপান করানো হয় বলে অভিযোগ করা হয় মামলার এজাহারে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, হত্যা মামলার পরেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।


