মুন্সিগঞ্জে প্রবাসী ব্যবসায়ীর উদ্যোগে বিচ্ছিন্ন-অসহায়দের জন্য নির্মিত হচ্ছে বৃদ্ধাশ্রম
মুন্সিগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের প্রবাসী ব্যবসায়ী কাজী আবিরের উদ্যোগে পরিবার থেকে বিচ্ছিন্ন, অসহায়, অবহেলিত, অসুস্থ বা একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপদ আবাসন, যত্ন এবং চিকিৎসা সহায়তার জন্য তৈরি করা হচ্ছে বৃদ্ধাশ্রম।
রামপাল ইউনিয়নের হাতিমারা এলাকার কাজিবাড়িতে প্রায় ১০ শতাংশ জমির উপর আগামী ৪-৫ মাসের মধ্যে নির্মিত হবে এটি।
আমার বিক্রমপুর-কে ওই প্রবাসী ব্যবসায়ী জানিয়েছেন এমন উদ্যোগের কথা। কাজী আবির রামপাল ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান কাজী ফুলনের ছোট ছেলে।
তিনি জানান, সমাজে অনেক প্রবীণ মানুষ আছেন যারা জীবনের শেষ পর্যায়ে এসে চরম অবহেলা ও একাকীত্বের শিকার হন। অনেকের সন্তান বিদেশে থাকে বা সামর্থ্য থাকা সত্ত্বেও বাবা-মায়ের দায়িত্ব নিতে চায় না। আবার অনেকে অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় মানবেতর জীবন যাপন করেন। মূলত এই অসহায় ও অবহেলিত মানুষগুলোর মুখে হাসি ফোটাতে এবং তাদের শেষ জীবনটা সম্মানজনক করতে তিনি এই বৃদ্ধাশ্রম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রবাসী এই ব্যবসায়ী আরও জানান, নিজের জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এই কাজ হাতে নিয়েছেন।
তিনি বিশ্বাস করেন, এই বৃদ্ধাশ্রমটি হবে মুন্সিগঞ্জের অসহায় প্রবীণদের জন্য এক নিরাপদ স্বর্গ। এই উদ্যোগটি বাস্তবায়িত হলে স্থানীয় এলাকার অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে।


