মুন্সিগঞ্জে দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২৫ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাসেতু (উত্তর) থানাধীন খানবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ৩ কেজি গাঁজাসহ সাজেদা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে খানবাড়ি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজেদা বেগম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুদাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত লাল মিয়া এবং স্বামীর নাম নয়ন।
মুন্সিগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রিজাউল কাজীর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই নারীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।








