মুন্সিগঞ্জে পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ যুবক
মুন্সিগঞ্জ, ১৬ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ৪ বন্ধু পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন শান্ত রাজবংশী (২৩) নামের এক যুবক। পরে পালিয়ে গেছেন সাথে থাকা বাকি ৩ জন।
আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান এসব তথ্য নিশ্চিত করেন।
গুলিবিদ্ধ যুবকের প্রাথমিক জবানবন্দির ভিত্তিতে তিনি জানান, বাঘড়া বাজার সংলগ্ন ইকবালের কাঠের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন কাঠমিস্ত্রি শান্ত রাজবংশী। এসময় পশ্চিম বাঘড়া এলাকার কাঠমিস্ত্রি মো. ইয়াছিন (১৮) একটি পিস্তল নিয়ে সেখানে আসেন। এরপর সেখানে থাকা আরও ২ কাঠমিস্ত্রি সুজন (২৪) ও রাব্বি (১৮) সেটিকে খেলনা পিস্তল মনে করে নাড়াচাড়া করতে থাকেন। একপর্যায়ে পিস্তল থেকে ফায়ার ওপেন হলে বাম পায়ে হাটুর উপর গুলিবিদ্ধ হন শান্ত।
পরে আহত শান্তকে দ্রুত ঢাকা জেলার দোহার উপজেলার ফুলতলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান ইয়াছিন। সেখানে প্রাথমিক চিকিৎসায় শান্তর পা থেকে গুলি বের করা হয়।
ওসি জানান, ঘটনার পর থেকে বাকিরা পলাতক থাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। এ ঘটনায় আহতের পক্ষ থেকে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


