১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৯:৪৩
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজটপ্রবণ ২৬০টি জায়গা চিহ্নিত: মুন্সিগঞ্জে সেতুমন্ত্রী রবিউল
খবরটি শেয়ার করুন:
99

মুন্সিগঞ্জ, ১৬ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন মহাসড়কে যানজটপ্রবণ ২৬০টি স্থান চিহ্নিত করে কাজ করছে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও সড়ক বিভাগ। এমন তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ যাতে নিরাপদ ও স্বস্তিতে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে সেই প্রস্তুতি ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা দেখতে তিনি দেশজুড়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।

তিনি আরও বলেন, আগামীকাল থেকে সড়কে যানবাহনের চাপ বাড়লেও বড় ধরনের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। গতকাল রাত থেকেই গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং কোথাও তেলের সংকট নেই। কোথাও কোনো অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত সমাধান করা হচ্ছে বলেও জানান তিনি।

সড়কমন্ত্রী বলেন, ঈদের আগে ও পরে মোট আট দিন সড়কে সর্বোচ্চ প্রস্তুতি থাকবে। সড়ক বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।

এসময় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।