১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:০৪
মুন্সিগঞ্জে নিষিদ্ধ ১ হাজার গাইড বই সহ আটক ৩
খবরটি শেয়ার করুন:
37

মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, ২০২০, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের তিনটি লাইব্রেরী থেকে ১ হাজার নিষিদ্ধ গাইড বইসহ তিনজনকে আটক করা হয়। পরে প্রত্যেককে ২হাজার টাকা করে জরিমানা করা হয়।

মুন্সিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদারের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিষ্টে মো: ইলিয়াস সিকদারের নেতৃত্বে বুধবার জেলা পুলিশের একটি টিমের সহযোগিতায় এই অভিযান চলে।

শহরের মুন্সিগঞ্জ হাইস্কুল মার্কেট এলাকায় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ঘন্টাব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট টিম রাব্বি বই ঘর, সৃজন বই বিতান এবং মুন্সিগঞ্জ লাইব্রেরি হতে আনুমানিক ১০০০টি প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির নিষিদ্ধ গাইড বই জব্দ করে।

অভিযান পরিচালনা করার সময় উল্লেখিত লাইব্রেরিসমূহ হতে যথাক্রমে শাহ আলম, মো: জামাল হোসেন ও সজবিকে আটক করা হয়। নোট বই নিষিদ্ধকরণ আইন ১৯৮০ এর ধারা ৩ (১) লঙ্ঘনের দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয় এবং ধারা ৪ (১) এর বিধানমতে প্রত্যেককে ২হাজার টাকা করে জরিমানা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের স্ব-উদ্যোগে উক্ত অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করার সময় সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন। জব্দকৃত গাইড বইসমূহ জেলা প্রশাসনের হেফাজতে সংরক্ষণ করার পর পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

মুন্সিগঞ্জ জেলাকে নিষিদ্ধ গাইডবই মুক্ত করতে এবং শিক্ষার্থীদের পাঠ্যবইমুখী করার লক্ষ্যে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। জরিমানাকৃত গাইড বই বিক্রেতা প্রতিষ্ঠানসমূহে পরবর্তীতে একই অপরাধের অস্তিত্ব পাওয়া গেলে কাঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস নোটে উল্লোখ করা হয়েছে।

পরে জেলা লাইব্রেরী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সামিউল মাসুদের সাথে সাক্ষাত করেন। এই গাইড বই বিক্রি সমাজের ক্ষতির বিষয়টি তারা অনুধাবন করে বক্তব্য রাখেন।