মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি, গ্রেপ্তার ৩ যুবক
মুন্সিগঞ্জ, ২৬ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে এক নারীর অগোচরে আপত্তিকর ভিডিও ধারণ করে ফেসবুকের ভুয়া আইডি থেকে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ওই ভিডিও ধারণে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) মুন্সিগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার কাটাখালী এলাকার ফাহিম মোল্লা (২১), রবিন মোল্লা (২২) ও জিসান দেওয়ান (২০)।
পুলিশের তথ্যমতে, গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার রনছ হাওলাদার পাড়া এলাকায় এক নারী কাপড় পরিবর্তনের সময় তাঁর অগোচরে কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে একটি ফেসবুক আইডি থেকে ওই নারীর সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে ধারণ করা ভিডিও পাঠানো হয়। ভিডিওটি ছড়িয়ে দিয়ে সামাজিক ও ব্যক্তিগত মর্যাদাহানির ভয় দেখিয়ে তাঁর কাছে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়।
ঘটনার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাত সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে ওই নারীর ভিডিও ধারণ করা মোবাইল ফোনটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে অভিযানে এসআই ইয়াকুব হোসেন, এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ অন্য পুলিশ সদস্যরা অংশ নেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।






