মুন্সিগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেছে জমজ ভাই-বোনের
16

মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেছে ৮ বছর বয়সী জমজ ভাই-বোনের।

আজ রোববার দুপুরে উপজেলার চরচষিমুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশু হলো রাবেয়া আক্তার তানিশা ও রায়হান আহমেদ তুষার। তারা আপন জমজ ভাই-বোন। তাদের বাবা শরিফুল ইসলাম সৌদি আরবপ্রবাসী।

নিহত শিশুদের খালা কামরুন্নাহার জানান, তার বোন তানজিলা রাজধানীর ডেমরার ঠুলঠুলিয়া চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা। শনিবার ছেলে-মেয়েদের নিয়ে তিনি বাবার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চষিমুদ্দিন গ্রামে বেড়াতে আসেন। এ সময় তাঁর বড় ছেলে তৌফিক আহমেদও সঙ্গে ছিল।

পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পর রোববার দুপুর ১টার দিকে জমজ ভাই-বোন তানিশা ও তুষার পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। খেলার একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি দ্রুত পানিতে নেমে শিশু দুটিকে উদ্ধার করেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালে নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তানিশা ও তুষারকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য দুই শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নানাবাড়িতে বেড়াতে এসে একই সঙ্গে দুই জমজ ভাই-বোনের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ