মুন্সিগঞ্জে দোকান ভেঙে চাপাতিসহ দৌড়ে পালানোর সময় ধরে ফেললো পুলিশ
মুন্সিগঞ্জ, ১৬ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মহান বিজয় দিবসের ছুটির আমেজ তখনো কাটেনি। ঘড়িতে সময় দুপুর ১টা ১০ মিনিট। ঠিক এই সময়েই মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় ঘটে যায় এক হুলুস্থুল কাণ্ড।
হাতে ধারালো চাপাতি ও কোমরে ভয়ানক সব অস্ত্র নিয়ে ‘মেসার্স সাকিব এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলে পড়ে কয়েকজন দুর্বৃত্ত। মুহূর্তে দোকানটিতে ব্যাপক ভাঙচুর ও ক্ষতিসাধন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সে। তবে সিনেমার দৃশ্যের মতোই রুদ্ধশ্বাস ধাওয়া করে তাকে পাকড়াও করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ৩ সদস্য।
তারা হলেন- এএসআই শাহাদাৎ হোসেন, কনস্টেবল মো. বেনজির ও কনস্টেবল আদনান মেহেদি।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মো. স্বপন মিয়া (৫০)। সে শহরের উত্তর ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এর আগেও থানায় ৫টি মাদক মামলা রয়েছে।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভয়ংকর রূপ ধারণ করে স্বপন। সে হাটলক্ষীগঞ্জ এলাকার ইট-বালু বিক্রির ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স সাকিব এন্টারপ্রাইজ’-এ অতর্কিত হামলা চালায়। দোকানের মালামাল তছনছ করে বীরদর্পে পালানোর চেষ্টা করছিল সে। ঠিক সেই সময়েই ঘটনাস্থলে হাজির হয় সদর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল।
দোকান ভাঙচুর করে পালানোর সময় এএসআই সাহাদাৎয়ের নেতৃত্বে পুলিশের টিম তাকে থামার নির্দেশ দিলে সে দৌড় শুরু করে। পৌরসভা এলাকার পিটিআই স্কুলের মূল গেটের সামনে পাকা রাস্তার ওপর এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশ। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে জাপটে ধরে কাবু করা হয়। গ্রেফতারের পর স্বপনের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১টি ধারালো দেশীয় চাপাতি, ১টি অত্যাধুনিক সুইচ গিয়ার চাকু, ১টি বাটাল ও ১টি কাচি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্বপন মিয়া এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।


