মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনায় আওয়ামী লীগ নেতার হাতে মার খেলেন পুলিশ সদস্য
মুন্সিগঞ্জ, ১৪ মে, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে আওয়ামী লীগ নেতার হাতে এক পুলিশ সদস্য মারধরের স্বীকার হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে টংগিবাড়ী উপজেলা ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, টংগিবাড়ী থানার কনস্টেবল মো: তানজিল হোসেন কে একা পেয়ে তার উপর হামলা চালায় টংগিবাড়ীর মৃত আজিজ খানের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য কবির খান ও তার ছেলে নাছির খান।
আহত পুলিশ কনস্টেবল তানজিল হোসেন জানান, আমার বাসা তাদের বাসার সামনের বাসা। আমাকে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতে নিষেধ করে বারংবার। আমি হেটে যেতে পারবো কিন্তু মোটরবাইক নিয়ে যেতে পারবো না। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার উপর চড়াও হয়। পরবর্তীতে পরিবারের সকলেই আমাকে মারধর করে জখম করে।
হাসপাতাল থেকে বৃহস্পতিবার রাত ১১টায় তিনি জানান, সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে টংগিবাড়ী থানায় চলে গিয়েছেন। জখম ও শরীর ব্যাথা নিয়েই থানায় চলে এসেছি।
কবির খান (৬০) সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেলের চাচাতো ভাই। এই পরিবারের নাহিদ খানও এর আগে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তাকে মারধর করেছেন।
এ বিষয়ে টংগিবাড়ী থানার ওসি (তদন্ত) গোলাম রসুল মোল্লা জানান, মারামারির খবর পেয়ে কনস্টেবল তানজিল হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষ সিদ্ধান্ত নিবে।
টংগিবাড়ী থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, বিষয়টি অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল অপচেষ্টা করছে।
এ বিষয়ে টংগিবাড়ী-সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম জানান, একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তবে বিষয়টি গুরুতর কিছু নয়।





