মুন্সিগঞ্জে ডাকাতির প্রস্ততিকালে ৫ জনকে আটকের দাবি পুলিশের
মুন্সিগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের পূর্ব হাজিপুরের লাঙ্গলবন্দ এলাকার মো. আসলাম (৩৮), একই এলাকার মো. সুমন (৩৪), দেউলি চৌরাপাড়া এলাকার ইসমাইল (৫০), খুলনার জামিরা বাজার এলাকার রাসেল হাসান (১৮) ও খড়ার চর এলাকার মেহেদী হাসান(১৮)।
গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ওসি জানান, টেংগারচর ইউনিয়নের উত্তর শাহপুর এলাকায় শুক্রবার ভোররাত সাড়ে ৩টায় ২টি গাড়িতে অবস্থান করে ৮-১০ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক ও একটি পিকআপ থেকে ৮-১০ জন ডাকাত রাস্তার পাশে খালের পানিতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় খালের পানিতে নেমে ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং রামদা, দাসহ ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতিতে একত্রিত হয়েছিল বলে স্বীকার করেছে বলে দাবি ওসির।


