২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৬:১৪
মুন্সিগঞ্জে ঝোপ থেকে বেরিয়ে হঠাৎ শিয়ালের কামড়, আহত দুই নারী
খবরটি শেয়ার করুন:
273

মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলায় শিয়ালের কামড়ে দুই নারী আহত হয়েছেন।

আজ শনিবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার ফাতেমা বেগম (৪০) ও ফজিলা বেগম (৩০)। পরে সন্ধ্যায় তারা ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

আহত ফজিলা বেগম জানান, আসর নামাজের পর বাসা থেকে বের হয়ে হাটাহাটি করছিলেন তিনি। এসময় হঠাৎ পাশের ঝোপ থেকে একটি শিয়াল এসে তার পায়ে কামড় দেয়। এর আগে প্রতিবেশী ফাতেমা বেগমকেও কামড় দেয় একই শিয়াল। পরে স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে আসে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম জানান, সন্ধ্যায় শিয়ালের কামড় নিয়ে দুই হাসপাতালে আসেন। তাদের মধ্যে ফাতেমার হাতে ও ফজিলার পায়ে কামড়ানোর ফলে উভয়েই গুরুতর আহত হন।