২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:২৯
মুন্সিগঞ্জে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০ নেতাকর্মী! (ভিডিওসহ)
খবরটি শেয়ার করুন:
517

মুন্সিগঞ্জ, ১৪ ডিসেম্বর ২০২৫, আরাফাত ইয়াসিন (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামায়াতে ইসলামীর পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন এক নেতা। এসময় তার অনুসারী আরও ২০০ কর্মী দল ছেড়েছেন বলে ওই নেতা দাবি করেছেন। তবে প্রকাশ্যে তাদের দেখা যায়নি।

আজ রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রশুনিয়া ইউনিয়ন ঈদগাহ মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত অনুষ্ঠানে মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি’র প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর উপস্থিতিতে যোগদান করেন ওই নেতা।

রশুনিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও ইসলামিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির হোসেন এই পদত্যাগ কার্যক্রমের নেতৃত্ব দেন।

পদত্যাগ করে যোগদান কার্যক্রমে আরও অংশ নেন, রশুনিয়া ইউনিয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এইচ এম রোকনউদ্দিন সিকদার রোমান, ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ পলাশ, জামায়াতের সদস্য মো. জসিম উদ্দিন প্রমুখ।

বক্তব্যকালে সাবেক জামায়াত নেতা মনির হোসেন বলেন, আমি ১৯৯০ সাল থেকে শিবির করি। পরে যোগ দেই জামায়াতে। ২০০৯ সালে জামাতের সর্বোচ্চ পদ রোকন হই৷ আমি দীর্ঘ ৩৫ বছর যাবত জামায়াতের সাথে যুক্ত ছিলাম। আজকে আমি জামায়াতে ইসলামীর সকল পদ থেকে অব্যাহতি গ্রহণ করে বেগম জিয়ার আদর্শে আদর্শিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করলাম, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি’র প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, সবারই জ্ঞান বুদ্ধি আছে। যে দল স্বাধীনতা বিরোধী তাদের কি এই বাংলাদেশের মানুষ কখনো পছন্দ করবে? যে দল আমার মা বোনের ইজ্জত লুটছে সে দল কখনোই বাংলাদেশের নিবেদিত প্রাণ হতে পারে না। সে দল কখনই জনগণের প্রতিনিধি হতে পারে না। যারা জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই।