মুন্সিগঞ্জে ছাত্রকে বলাৎকার ও হত্যাচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২২ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামি মাদ্রাসা শিক্ষক মো. লোকমান হোসেনকে (৩০) পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে র্যাব।
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-১১ জানায়, গত ২৫ মে দুপুর আড়াইটার দিকে টংগিবাড়ী উপজেলার পশ্চিম সোনারং পুরাতন বাজার জামে মসজিদ সংলগ্ন নিজের কক্ষে এক মাদ্রাসাছাত্রকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন মাদ্রাসা শিক্ষক মো. লোকমান হোসেন।
এরপর বিষয়টি গোপন রাখতে গত ১১ জুন বেলা ১১টার দিকে একই এলাকার একটি ধানক্ষেতের পাশে ভিকটিমকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালান তিনি।
এ সময় ভিকটিম প্রাণ বাঁচাতে প্রতিরোধ করলে আসামি কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে তার বাম হাতে উপর্যুপরি কোপ দিয়ে গুরুতর জখম করেন। পরে ভিকটিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে টংগিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা স্টিল মিল হাউজিং কলোনি জামে মসজিদের সামনের খেলার মাঠ এলাকা থেকে পলাতক আসামি লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টংগিবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।









