মুন্সিগঞ্জে চেতনা নাশক খাইয়ে মিশুক চুরির সময় হাতেনাতে গ্রেপ্তার করলো পুলিশ
মুন্সিগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মিশুক চালককে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মো. রিফাত হোসেন বাপ্পী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চোরাই মিশুকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টংগিবাড়ী উপজেলার বেশনাল বাজারের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মো. রিফাত হোসেন বাপ্পী ও মোছা. মুক্তা নামের দুই ব্যক্তি সিপাহীপাড়া থেকে দিঘীরপাড় যাওয়ার জন্য একটি মিশুক ভাড়া করেন। পথে তাঁরা মিশুক চালককে চেতনা নাশক খাবার খাওয়ান। পরে টংগিবাড়ী থানার আওতাধীন বেশনাল বাজারের কাছে চালক অচেতন হয়ে পড়লে তাঁরা মিশুকটি নিয়ে পালিয়ে যান।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। পুলিশের একটি দল বেশনাল বাজার ও আশপাশের এলাকায় অভিযান চালায়।
অভিযানে মিশুকসহ মো. রিফাত হোসেন বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাপ্পীর বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার সাতবাড়িয়া এলাকায়। তাঁর বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অপর আসামি মোছা. মুক্তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।









