মুন্সিগঞ্জে চাহিদার তুলনায় ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত
মুন্সিগঞ্জ, ৩ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আসন্ন কোরবানির ঈদে মুন্সিগঞ্জ জেলায় চাহিদার তুলনায় বেশি পরিমাণ পশু প্রস্তুত রয়েছে। তথ্য বলছে, জেলার ছয়টি উপজেলায় ৬ হাজার ২৭২ জন খামারি মোট ৮১ হাজার ৮৭৫টি পশু প্রস্তুত করেছেন। অথচ জেলার অভ্যন্তরীণ চাহিদা ৬৯ হাজার ৭৭০টি। ফলে প্রায় ১২ হাজার পশু উদ্বৃত্ত থাকায় ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহের পরিকল্পনা করছেন খামারিরা।
এছাড়া এবছর রাজনৈতিক পরিবেশের কারণে গরু বিক্রি কম হবে বলে মনে করছেন বিক্রেতারা।
জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি পশু প্রস্তুত হয়েছে গজারিয়া উপজেলায়, যেখানে ২৫ হাজার ৩৫১টি পশু প্রস্তুত থাকলেও স্থানীয় চাহিদা ১৮ হাজার ৫০০টির মতো। টংগিবাড়ী, শ্রীনগর, সদর, সিরাজদিখান ও লৌহজংয়েও রয়েছে উল্লেখযোগ্য উদ্বৃত্ত।
খামারিরা জানান, চাহিদার তুলনায় পশু বেশি হওয়ায় একদিকে ক্রেতারা পাচ্ছেন পছন্দমতো পশু বাছাইয়ের সুযোগ, অন্যদিকে খামারিরাও আশাবাদী, বছরের পরিশ্রম এবার ভালো দাম এনে দেবে। প্রশাসনের সঠিক তদারকি থাকলে নিরাপদ পশু বাণিজ্যে আরও গতি আসবে বলেও তাঁরা মনে করেন।
তবে এবছর রাজনৈতিক পরিবেশের কারণে গরু বিক্রি কম হবে বলে মনে করছেন খামারিরা। তারা বলছেন, দেশে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের কারনে অনেকেই আত্মগোপনে রয়েছেন। বিশেষ করে মুন্সিগঞ্জের অনেকেই ঢাকায় বসবাস করেন। তাদের মধ্যে বেশিরভাগই এবছর জেলায় কোরবানি দিবেন না।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন, ‘চাহিদার তুলনায় মুন্সিগঞ্জ জেলার পশু প্রস্তুতির পরিমাণ বেশি। জেলার ৩৯টি কোরবানির হাটে মোবাইল ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। স্বাস্থ্যবান ও ইনজেকশনমুক্ত পশু নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি থাকবে।’


