১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ১০:৪৫
মুন্সিগঞ্জে ‘গোপন বৈঠকে’র অভিযোগে আ. লীগের ১১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
খবরটি শেয়ার করুন:
163

মুন্সিগঞ্জ, ১৯ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ‘গোপন বৈঠকে’র অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১৮ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।

গতকাল সোমবার রাতে শ্রীনগর থানার উপপরিদর্শক মাইনুল হক খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এতে আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমতসহ উপজেলা ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত) ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের নাম রয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করে বলা হয়েছে- গত ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের দোতলায় তাদের সহযোগী অন্যান্য নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠকে মিলিত হয়। তারা দেশে অস্থীতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার উদ্দেশ্যে মিলিত হয়েছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

এসময় বাড়ৈখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ৩টি বই উদ্ধার করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের নেতাদের পরামর্শে গত ১৫ আগষ্ট সন্ধ্যার দিকে শ্রীনগর কলেজ গেটের মথুরাপাড়া এলাকায় মাষ্টার আব্দুর রহমান নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রায় ১শ গজ সামনে গজ সামনে পরিত্যক্ত ফাকা জায়গায় সমবেত হয়ে নেতা কর্মীরা দেশকে অস্থিতিশীল করার জন্য গোপন পরামর্শ শেষে দুস্থদের মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস “শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে দখলদার মুক্ত করবোই” মুন্সিগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগন লেখাযুক্ত লিফলেটসহ খাবার বিতরণ করে। এজাহারে গত ১৫ আগস্ট রাঢ়িখাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত খানের ফেইসবুক আইডির একটি পোস্টের লিংক উল্লেখ করা হয়েছে।

মামলার অন্যান্য আসামীরা হলেন, আওয়ামী লীগ নেতা শেখ মো. আলমগীর, শফিকুল ইসলাম মামুন, আলী আক্কাস মৃধা জীবন, মুনসুর আহমেদ, আব্দুল কাদের লিটন, হাজী আব্দুস সালাম,ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, বাবুল হোসেন বাবু, আজিজুল ইসলাম, আব্দুল বারেক খান বারি, আলী আকবর, জিএস নাজির, সোলায়মান খান, সাবেক ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন, সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, যুগ্ন সম্পাদক অনিক ইসলাম, সেচ্ছাবেক লীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম ডালু, সাধারণ সম্পাদক রনজিৎ মল্লিক, ছাত্রলীগ সভাপতি শাওন খান, যুবলীগ নেতা পাভেল শেখ, সাদ্দাম, সৈকত, ওপেল, ছাত্রলীগ নেতা ফাহিম ইসলাম প্রিন্স, জহিরুল ইসলাম লিমন, তর্ণক লিজু, ইভান শিকদার, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম জিকু, সেলিম খান, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামাদ মেম্বার, বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মেম্বারসহ এজাহার নামীয় ৫৮ জনসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জন।

আসামীদের মধ্যে বেশ কয়েকজন দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে। এ বিষয়ে শ্রীনগর থানা পুলিশ জানায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে এই অপকর্মের সাথে জড়িত রয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাসহ দেশকে অস্থিতিশীল করার জন্য যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইন আনুযায়ী মামলা হয়েছে। আসামীরা দেশে বিদেশে যেখানেই থাকুকনা কেন, দেশের প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা