মুন্সিগঞ্জে ক্যারাম খেলা নিয়ে দ্বন্দে যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম
মুন্সিগঞ্জ, ২৭ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ইয়াসিন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পুলিশ বলছে, ক্যারাম খেলাকে কেন্দ্র করে মারামারির এ ঘটনা ঘটে।
গতকাল রোববার (২৬ জানুয়ারি) রাত দশটার দিকে ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইয়াসিন ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের শহীদ উল্লাহর ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের অভিযোগ করে বলেন, রাত ১০টার দিকে মাথাভাঙ্গা ঈদগাহ সংলগ্ন গ্যারেজে বসে ছিলেন তিনি। পাশের একটি দোকানে ক্যারাম খেলছিল ইয়াসিন। এ সময় আমজাদ, শাহিন-সহ আরো কয়েকজন তার ওপর অতর্কিতভাবে হামলা চালান। হামলাকারীরা তাকে মারধর করে রাস্তার পাশের গর্তে ফেলে দেয়। এ সময় আতঙ্ক তৈরি করার উদ্দেশ্যে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে তারা। পরবর্তীতে আশপাশের লোকজন ছুটে এসে ইয়াসিনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত ইয়াসিন বলেন, ২০২০ সালের মে মাসের ২৫ তারিখ আমজাদ, শাহিন, আনার-সহ আরো কয়েকজন আমার ওপর হামলা চালায়। তারা কুপিয়ে আমার একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে এবং এক পায়ের রগ কেটে দেয়। এই ঘটনায় আমার বড়ভাই রবিউল আউয়াল বাদী হয়ে তাদের বিরুদ্ধে গজরিয়া থানায় একটি মামলা দায়ের করে। সোমবার এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। আমরা যাতে কোর্টে যেতে না পারি সেজন্য পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইয়াসিনের আঘাত গুরুতর নয়। একটি সেলাই লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আমার কাছে পূর্ব শত্রুতার জের ধরে হামলা নয় ক্যারাম খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা মনে হয়েছে। ফাঁকা গুলিবর্ষণের যে কথাটি বলা হয়েছে তার সত্যতা পাইনি আমরা।


